‘৮ তলা থেকে পড়ে’ অভিনেত্রীর মৃত্যুর মামলায় স্বামী রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বত (৪৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আত্মহত্যায় প্ররোচনার মামলায় আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম রিমান্ডের আদেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার দুপুর ২ টা ২২ মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলার একটি কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে লাফিয়ে পড়ে ঝিলিকের মৃত্যুর ঘটনায় বড় ভাই মোজাম্মেল হক শনিবার ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলার পর হাসপাতাল থেকে স্বামী সাফি উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট ওবায়দুল্লাহসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, সাফি উল্লাহর তীব্র পেটে ব্যথা হলে ঝিলিক ও তার ভাই মোজাম্মেল গত ১০ জুন ভোর সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তাকে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মতে তাকে ভোর সাড়ে ৬ টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাফি উল্লাহর শারীরিক অবস্থা ও পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে ইবনে সিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার পরামর্শ দেন।
তবে ইবনে সিনা হাসপাতালে সিট/কেবিন খালি না থাকায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলার ৮১৩ নম্বর কেবিনে ভর্তি করে রাখা হয়। তাকে দেখাশোনার জন্য ঝিলিক হাসপাতালে অবস্থান করেন। সাফি উল্লাহকে দেখতে গতকাল শুক্রবার সকালে তার বোন, ভগ্নিপতি ও প্রথম পক্ষের ছেলে হাসপাতালে আসে। সুস্থ হওয়ায় সকাল ১০ টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয় হাসপাতাল থেকে। বিষয়টি ঝিলিক হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলে।
দুপুর সোয়া ১ টার দিকে ঝিলিকের সাথে তার ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। এর ঘণ্টাখানেক পর সাফি উল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে জানায়, ঝিলিক কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।
যোগাযোগ করা হলে মোজাম্মের হক বলেন, ‘এটা আত্মহত্যায় প্ররোচনার মামলা হয় কীভাবে? এটা তো হওয়ার কথা মার্ডার মামলা। কিন্তু পুলিশ মার্ডার মামলা নিল না। পুলিশ তাড়াহুড়ো করে আত্মহত্যায় প্ররোচনার মামলা নিল।’
অভিনয়জগতে আসমা আক্তার ঝিলিক বেশকিছু কাজ করেছেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে । চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। তবে ঝিলিক অভিনয় ছেড়ে দিয়েছিলেন বলে জানান ভাই মোজাম্মেল হক। তিনি বলেন,‘স্বামী-সন্তান নিয়ে থাকত সে।’