বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হচ্ছে, কাউকে দেয়া হচ্ছে না। অবিলম্বে দলীয় ডিসিদের অপসারণ করতে হবে।’
বুধবার (৭ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফেয়ার নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করার জন্য ইসিকে বলেছি। একটি দলের ১২/১৩ জনের দ্বৈত নাগরিকত্ব আছে। তারপরও তাদের মনোনয়নপত্র বৈধ করেছে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে এটা প্রশাসনের বৈষম্যমূলক আচরণ।
তিনি আরো বলেন, একটি দলের পক্ষ থেকে ভোটারদের ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে যা আচরণ বিধির লঙ্ঘন। এটা বন্ধের জন্য আমরা কমিশনকে বলেছি। আর তারেক রহমানের সাথে আমাদের কোনো ফরমাল মিটিং হয়নি। সেটা ছিল সমবেদনার জন্য দেখা করা।
বৈঠকে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধিদলে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। এছাড়াও, নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.