
রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। কাজী আহমেদ জাকি গণমাধ্যমকে জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা পরিকল্পিতভাবে মব তৈরি করে তার ওপর হামলা চালিয়েছেন। জানা গেছে, ঘটনার সময় পরিচালক তার কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। এমন অবস্থায় ৮-৯ জনের একটি দল সেখানে ঢুকে পড়ে এবং কাজী আহমেদকে চেয়ার থেকে টেনে তুলে মারধর শুরু করে।
ঘটনার সত্যতা স্বীকার করলেও এর পেছনে ভিন্ন কারণ দেখিয়েছেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ।
তিনি বলেন, কাজী আহমেদেরও কিছু দোষ রয়েছে। এ সময় তিনি মুঠোফোনে একটি ছবি দেখিয়ে দাবি করেন, গত সরকারের আমলে কাজী আহমেদ মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে অফিসে বৈঠক করতেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মীরজাদী সাবরিনা ফ্লোরা আইইডিসিআর-এর পরিচালক ছিলেন। করোনা মহামারির সময় নিয়মিত সংবাদ ব্রিফিং করে তিনি পরিচিতি পান এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.