খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার সংলগ্ন নতুন আবাসিক এলাকায় এক ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় কয়েক মাস পর আজ সোমবার বিকেলে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ ও সিআইডি। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আজ সোমবার গৃহবধূ ফাল্গুনী খাতুন স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, তার স্বামী মুরাদ মোল্লা গত রমজান মাসে এক ইজিবাইক চালককে কৌশলে বাড়িতে এনে হত্যা করেন এবং বাড়ির আঙিনায় লাশ পুঁতে রাখেন।
গৃহবধূর দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিককে হেফাজতে নেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী সিআইডির সহায়তায় বাড়ির আঙিনা খুঁড়ে বিকেল সাড়ে ৩টার দিকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কঙ্কালটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রমজান মাসের কোনো এক সময়ে ওই ইজিবাইক চালককে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে।
ওসি হেলাল উদ্দিন বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয়, হত্যার উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, কঙ্কালের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.