উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে আজ সোমবার ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর মোট অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ১২৯ জন পরীক্ষার্থী।
আজ সোমবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসিতে ইংরেজি প্রথম পত্র, আলিমে বাংলা প্রথম পত্র এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইংরেজি পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৫ হাজার
তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ৬২০টি কেন্দ্রে। এগুলো মধ্যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে ঢাকা বোর্ডে ১০ জন, রাজশাহী বোর্ডের ৩ জন, কুমিল্লা বোর্ডের ৮ জন, যশোর বোর্ডে ৩ জন, সিলেট বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৭ জন ও ময়মনসিংহ বোর্ডের ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
নয়টি সাধারণ বোর্ডের এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন।
আলিমের বাংলা প্রথম পত্রে বহিষ্কার ২
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তথ্য বলছে, আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৩ হাজার ৩৩৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৮ হাজার ১৮১ জন। ৫ হাজার ১৫২ জন অনুপস্থিত ছিলেন।
ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের তৃতীয় দিনে বহিষ্কার ৩
এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার তৃতীয় দিনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৯৪৩ জন অনুপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এদিন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৮৩ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৮০ হাজার ৮৩৩ জন।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.