
এইচএসসি ও সমমানের পরীক্ষায় আশঙ্কাজনকভাবে কম পাসের হার অথবা শূন্য পাসের হারের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল হতাশাজনক, তাদের অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পাসের হার শূন্য বা অতি হতাশাজনক এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা খাতের সামগ্রিক মানোন্নয়নের অংশ হিসেবেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অথচ গত বছর এই সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বৃদ্ধি পেয়েছে। এর বিপরীতে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। সফলভাবে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ অর্জন করেছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.