
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ খাতের সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শফিকুর রহমান বলেন, বর্তমান বাস্তবতায় দেশের গার্মেন্টস খাত এক কঠিন সময় পার করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, জ্বালানির ক্রমবর্ধমান মূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ কমে যাওয়ার মতো বহুমুখী সমস্যায় শিল্পটি স্থবির হয়ে পড়েছে। একইসঙ্গে নিত্যপণ্যের চড়া দাম, বাড়িভাড়া ও যাতায়াত ব্যয় বাড়ায় শ্রমিকদের জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াতের আমির আরও বলেন, দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে হলে শিল্প বাঁচানো ছাড়া কোনো বিকল্প নেই। শিল্প টিকলে যেমন উদ্যোক্তারা উপকৃত হবেন, তেমনি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতির চাকাও সচল থাকবে। বিদ্যমান সমস্যাগুলোর যৌক্তিক সমাধান করে উৎপাদনের পরিবেশ স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, শিল্প বাঁচলে শুধু মালিকেরা বাঁচবেন না, দেশও উপকৃত হবে।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান সব পক্ষকে ধৈর্য ধারণ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এ সংকট সমাধানে কালক্ষেপণ করা হলে দেশের ভঙ্গুর অর্থনীতি আরও গভীর ঝুঁকির মুখে পড়বে। তাই সরকারের পক্ষ থেকে শিল্পমালিক ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষায় দ্রুত দায়িত্বশীল ভূমিকা পালন করা এখন সময়ের দাবি। তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.