
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন চলছে, তা নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ২৫ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ফ্যাসিবাদী শক্তির এমন অপপ্রয়াস শুরু থেকেই রয়েছে। তারা নানাভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। সরকার এ বিষয়ে আইনি ও কূটনৈতিক অবস্থানে অবিচল রয়েছে।
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। কোনো ফ্যাসিবাদী শক্তি, পলাতক অপরাধী, কিংবা গণহত্যাকারীকে পুনরায় বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেবে না সরকার। ঘোলা পানিতে মাছ শিকারের কোনো অপকৌশলই আর সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিকের প্রাণহানির সাথে জড়িত, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.