কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওটী রেলস্টেশন সংলগ্ন এলাকায় বুধবার দুপুর ১টার দিকে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে এই তদন্ত দল গঠন করা হয়।
দুর্ঘটনার পর থেকে ওই রুটের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা হিসেবে ডাউন লাইন ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া। অন্যদিকে লাকসাম রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রেনের অক্ষত পাঁচটি বগি ইতোমধ্যে নাঙ্গলকোট স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে লাইনচ্যুত চারটি বগি ও ইঞ্জিন উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষে সেগুলোও স্থানীয় স্টেশনে নিয়ে যাওয়া হবে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.