
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাপানের টোকিওতে জেট্রো সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে দেশের পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে সমঝোতা স্মারক বিনিময়ের পাশাপাশি মোট ১৭টি নতুন বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা দেয়া হয়। জেট্রো এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে এই ফোরামের আয়োজন করে, যেখানে সহযোগিতা ছিল টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, দ্রুতগতির রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণকে বাংলাদেশের অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন। তিনি এসব খাতে জাপানি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে জাপানিদের অংশগ্রহণ কাম্য বলে উল্লেখ করেন তিনি।
প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে তিনি বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনের সুযোগ থাকবে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালের মতো প্রধান শহরগুলোতে দ্রুতগতির রেল নেটওয়ার্ক স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান তিনি। বিনিয়োগকারীদের নিশ্চিন্ত করতে তিনি কর কাঠামো ও শুল্কব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং পূর্বানুমানযোগ্য নীতিমালার ওপর গুরুত্বারোপ করেন।
ফোরামে ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা আসে, যার মধ্যে টয়োটা তসুশো করপোরেশন, মিৎসুই অ্যান্ড কো. এবং কিউশু বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন নামি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে। জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার শিনজি ওয়াকায়ামা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের ব্যবসায়িক অধিবেশনে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগ সহজীকরণে গৃহীত নতুন উদ্যোগসমূহ উপস্থাপন করেন। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাতগুলো নিয়ে কথা বলেন।
জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে মিৎসুই অ্যান্ড কো.-এর কেনইচিরো কাওয়ামোতো এবং ওয়াইকেকে করপোরেশনের রেইসুকে আরাতানি বাংলাদেশে যৌথ উদ্যোগ ও তাদের ব্যবসায়িক যাত্রার সফল সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেট্রো ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুআকি কাতাওকা।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.