
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে নজিরবিহীন চতুর্থ মেয়াদে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সরকারি নির্বাচনী সংস্থার প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ৯৯ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে লুলা নিশ্চিত করেছেন ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৪ শতাংশ ভোট।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সামান্য ব্যবধানে এগিয়ে থেকে জয় ছিনিয়ে নিতে লুলাকে বেশ কঠিন লড়াই চালাতে হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটে লুলাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন ফ্লাভিও বলসোনারো। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে লুলা এভাবে নির্বাচনের ফল নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারবেন, তা দেশটির অনেক বিশ্লেষকের ধারণাতেই ছিল না।
লাতিন আমেরিকার বর্তমান রাজনৈতিক আবহাওয়ার বিপরীত স্রোতে হেঁটে এই ইতিহাস গড়লেন বামপন্থী নেতা লুলা। সম্প্রতি এ অঞ্চলের আর্জেন্টিনা, চিলি ও কলম্বিয়ার মতো প্রভাবশালী দেশগুলোতে ভোটাররা ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করে ডানপন্থী ও রক্ষণশীল নেতাদের বেছে নিচ্ছেন। সেই রাজনৈতিক ঝোঁকের মধ্যেও ব্রাজিলে নিজের রাজনৈতিক অবস্থান ও শাসনভার ধরে রাখতে সক্ষম হলেন লুলা দা সিলভা।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন লুলা এর আগে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত টানা দুই মেয়াদে ব্রাজিলের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি পুনরায় দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা, ও রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.