ভাইরাল ভাতের হোটেলের মিজান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ   ৯ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ভাতের হোটেলের মালিক মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্থানীয়তের বরাত দিয়ে পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন। ওই সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন তিনি। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন মিজান। এ ঘটনায় তাকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’