রাঙামাটি শহরে নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের তবলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিবুল তবলছড়ি এলাকার আসামবস্তীর মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুরে সাকিবুল তার মা-বাবার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি ধারালো দা নিয়ে তার মাকে আঘাত করতে গেলে তার মা সাকিবুলের হাত থেকে দা কেড়ে নেয়ার সময় অসাবধানতাবশত সাকিবুলের গলায় লেগে গভীর ক্ষত সৃষ্টি হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, ‘বেলা ৩টার দিকে গলা কাটা অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।’
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘পারিবারিক কলহ ও ধস্তাধস্তির জেরে মায়ের দায়ের আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.