
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার বাসিন্দা রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে নিজ ঘর থেকে অটোরিকশা চুরির শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে তিনি তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যেতে দেখেন। এ সময় বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সোহেল চিৎকার করে বিষয়টি জানান। কয়েকবার মাইকে চুরির ঘোষণা দেওয়ার পর স্থানীয় লোকজন বের হয়ে এসে অটোরিকশার পিছু ধাওয়া করেন। প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিকশাটি রেখে ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টাকালে তারা গণপিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
অটোরিকশা মালিক সোহেল জানান, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও তিনি গাড়িটি ঘরেই দেখেছিলেন। এরপর মেয়ের কান্নাকাটি থামানোর সময় তিনি ঘরে শব্দ পেয়ে বেরিয়ে আসেন। চোরকে বাধা দেওয়ার সময় গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি তাকে আটকাতে গিয়ে রাস্তায় পড়ে যান, এতে তার হাঁটুর চামড়া উঠে যায়। পরে তিনি জানতে পারেন যে বাড়ির আধা কিলোমিটার দূরে ক্যানেলের ধারে ওই দুইজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.