বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়া।
তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন আজ এই ১৪ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বরগুনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বাসায় অভিযান চালিয়ে এই ১৪ আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন ফারজানা নামে এক আসামির এক দিন এবং অপর ১৪ আসামির তিন দিনের রিমান্ড দেন আদালত। গত ৩০ সেপ্টেম্বর আসামি ফারজানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ‘রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস’ করার লক্ষ্যে ‘রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের’ প্রস্তুতি গ্রহণ করেন।
এই সংবাদ পেয়ে হত ২৮ সেপ্টেম্বর বিকেল ৫ টার পর পুলিশ অভিযান চালিয়ে রুমের ভেতর থেকে আসামিদের আটক করেন। এসময় অজ্ঞাতনামা ২০/২২ জন আসামিরা পালিয়ে যান। তল্লাশি করে রুমের টেবিলের ড্রায়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়।
এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.