
সিরিয়ার দারা ও সুয়াইদা প্রদেশে জর্ডানের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে।
সোমবারের এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন নারী ও কয়েকটি শিশু রয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জর্ডানের সামরিক বাহিনীর দাবি, গত সপ্তাহে কারাক গভর্নরেটে একটি গির্জায় বন্দুকধারীদের হামলার জের ধরে এই অভিযান চালানো হয়েছে। ওই ঘটনায় ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। জর্ডান জানিয়েছে, যেসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গির্জায় হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের আস্তানাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। তবে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা হামলার সুনির্দিষ্ট স্থান কোথায়, তা জানায়নি জর্ডান।
জর্ডান দাবি করেছে যে সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই তারা এই সামরিক অভিযান পরিচালনা করেছে। তবে সিরিয়া তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করেছে। সিরিয়ার সরকার এখন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও মাঠপর্যায়ে সমন্বয়ের ওপর জোর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উত্তপ্ত পরিস্থিতির জেরে সিরিয়ার কর্তৃপক্ষ তাদের নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে, যার ফলে বর্তমানে দুই দেশের মধ্যে সব ধরনের যান চলাচল স্থগিত রয়েছে। এক বিবৃতিতে সীমান্তবর্তী এলাকায় ‘যৌথভাবে মাঠপর্যায়ে ও নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের’ গুরুত্ব তুলে ধরেছে দেশটি।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.