অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। প্রায় ১৬ বছর আগের সেই ঘটনাকে কেন্দ্র করে এবার সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী ও নির্মাতা। বিশেষ করে অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে কোনো বিচারিক পদক্ষেপ না হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে।
সম্প্রতি এক ফেসবুক লাইভে পুরোনো সেই ঘটনার প্রসঙ্গ তুলে নিজের অভিজ্ঞতার কথা বলেন প্রভা। তিনি জানান, ভিডিও ফাঁসের পর দীর্ঘ সময় ধরে তাকে সামাজিকভাবে হেনস্তা ও ট্রলের শিকার হতে হয়েছে। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং অনেক সহকর্মী তার প্রতি সমর্থন জানাতে শুরু করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন নির্মাতা শিহাব শাহীন। তিনি রাজিব হাসান ও প্রভার বাগদানের একটি পুরোনো ছবি শেয়ার করে লেখেন, ‘টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল।’‘জিজ্ঞেস করেছিলাম ‘‘তুমি কিভাবে এই কাজটা করলা!!?’’...যাকে ভালবাসো কিভাবে তার এত বড় ক্ষতি করলা!!?...ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণিত হয়েছে সব মিথ্যা!,’ যোগ করেন তিনি।‘
এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি’ উল্লেখ করে এ নির্মাতা বলেন, ‘তার গ্রেপ্তার হবার কথা, হয়নি। বিচার হবার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইনও ছিল না, আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’
‘ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে ‘‘পিস অফ শিট’’...মাঝে মাঝে কাউকে কাউকে দেখলে এই লাইনটার মর্মার্থ বুঝতে পারি আমি,’ পোস্টের শেষে লিখেন তিনি।
অন্যদিকে অভিনেত্রী সিনথিয়াও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রভাকে নিয়ে এখন তারকাসমাজ সোচ্চার। ১৫/১৬ বছর পর। কিন্তু এই প্রভাকেই মিডিয়ার প্রডিউসার, ডিরেক্টররা পরে বড় বড় প্রজেক্টে নেয়নি। যারা প্রভাকে নিয়ে এক যুগ পর সুশীল হলো তারা আবার আগের মতো তাকে কাস্ট করে দেখিয়ে দিক যে প্রভা একজন ভিক্টিম। প্রভা যে সাহসটা দেখিয়েছে এটা এই দেশে দরকার ছিল। প্রভার ১৫/১৬টা বছর লাগল একজন ফাইটার হতে।’
উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা। বিয়ের কিছুদিন পর তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ঘটনাটি সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে অপূর্ব ও প্রভার বৈবাহিক সম্পর্কেরও ইতি ঘটে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.