
সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দাম্মাম ও রিয়াদ রুটে নির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে। এছাড়া রিয়াদ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী নির্ধারিত ফ্লাইটগুলো যথারীতি চালু থাকবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা কিংবা মদিনা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাবেন।
ফ্লাইট স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট কিংবা ভ্রমণ সংক্রান্ত অন্যান্য সহায়তার জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক: এ এইচ সুমন
oporadhkantho@gmail.com
Copyright © 2026 অপরাধ কণ্ঠ. All rights reserved.