আগামী মাসের মধ্যেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

আগামী মাসের মধ্যেই রূপপুর পারমানবিক কেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।

আজ বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান রাশিয়ার রাষ্ট্রদূত।

এসময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার পরিসর আরও প্রসারিত করতে একটি যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি মস্কোতে একটি বৃহৎ পরিসরে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, আগামী নভেম্বর মাসের শুরুতে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের (আইজিসি) বৈঠকে বিজনেস কাউন্সিল গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এ ছাড়া মস্কোতে প্রস্তাবিত বিজনেস ফোরামে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের প্রোফাইলের ওপর ভিত্তি করে রুশ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি বিটুবি (বি২বি) ম্যাচমেকিং ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হবে।

আলোচনায় দুই দেশের বাণিজ্য বহুমুখীকরণের ওপর জোর দিয়ে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং মানবসম্পদ রপ্তানির সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এর জবাবে রাশিয়ান রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে মানসম্মত জেনেরিক ওষুধ আমদানির প্রক্রিয়াগত ও আইনি বিষয়গুলো রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। এ ছাড়া রাশিয়ার আবহাওয়ার উপযোগী ভারি জুতা ও চামড়াজাত পণ্যের বড় চাহিদা রয়েছে। পাশাপাশি কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইতিমধ্যে প্রায় তিন হাজার বাংলাদেশি দক্ষ কর্মীকে ভিসা প্রদান করেছে।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন আলেকজান্ডার খোজিন। তিনি জানান, প্রকল্পের কারিগরি দিকগুলো দ্রুত সম্পন্ন করতে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করছেন। আগামী মাসের মধ্যেই রূপপুর থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।

শ্রীলংকা এক্সপো ২০২৭-এ বাংলাদেশের অংশগ্রহণ আহ্বান

এদিকে বিকেলে পৃথক এক বৈঠকে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি।

সাক্ষাৎকালে হাইকমিশনার জানান, আগামী ২০২৭ সালের ১৪ থেকে ১৭ জানুয়ারি রাজধানী কলম্বোতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে। এ মেলায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

এফবিসিসিআই প্রশাসক এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে প্রতিনিধিদল পাঠানোর আশ্বাস দেন। উভয় বৈঠকে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীরসহ সংশ্লিষ্ট দূতাবাস ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।