স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার পাগলা থানা এলাকার কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৭ জুন) সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে পাগলা থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীর স্বামী জানান, রাতে তিনি স্ত্রী, সন্তান এবং মাকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১টার দিকে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।তিনি অভিযোগ করেন, এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে তিনি দাবি করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।