এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য


  প্রকাশিত হয়েছেঃ   ৩১ অক্টোবর ২০২৬, ৩:০৯ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বগুড়া জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাসের হারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ী মডেল মহিলা কলেজ। এ ছাড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজও এই তালিকায় রয়েছে।

প্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনায় দেখা যায়, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও কেউ সফল হতে পারেননি। বাগবাড়ী মডেল মহিলা কলেজ থেকে তিনজন, গোসাইবাড়ী মহিলা কলেজ থেকে দুজন এবং দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এছাড়া আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও পাস করতে ব্যর্থ হয়েছেন।