জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ   ২৮ জুলাই ২০২৬, ৯:৩৮ পিএম

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ঘটা এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

আজ রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে।’

তিনি লেখেন, ‘এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর নিয়ে এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙ্গেই তারা ক্ষান্ত হয়নি; মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে।’