‘ছাত্রদল নেতার হামলায়’ সাবেক বিএনপি নেতা হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী ব্যানার খোলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত খলিলুরকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত খলিল কালিরহাট গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমানের টানানো ব্যানার খোলা নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকুজ্জামানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খোকন ও তারেকের নেতৃত্বে ১০-১৫ জনের একদল যুবক খলিলুর রহমানের ওপর হামলা চালায়। তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকেও তাকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে বরিশালে স্থানান্তর করেন।
আজ বুধবার হামলার কথা অস্বীকার করে ছাত্রদল নেতা খোকন মল্লিক দাবি করেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালেই আহত নেতাকে দেখতে গিয়েছিলেন।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কিসমত জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে এবং লিখিত অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।