শরীয়তপুরে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৯ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভূইয়া নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার বিকেলে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৪২) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কবরস্থানের জায়গা নিয়ে জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার জুমার নামাজের পর এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে বুধবার বিকেলে রুবেল ঢালী কদমতলী বাজারে যাওয়ার সময় জয়দুল ঢালীর বাড়ির সামনে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় রুবেলের বড় শ্যালক আনোয়ার হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লোহার রড ও কাঠ দিয়ে মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতুর ওপর তিনি মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পাঁচটি বাড়িতে আগুন দিয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘হামলায় দুজন গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’