ইসরায়েলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহুর জোট, নতুন জরিপের আভাস

ইসরায়েলের সাধারণ নির্বাচনে বুথফেরত জরিপের ফলাফলে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশটির টেলিভিশন চ্যানেল ১২-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এগিয়ে রয়েছে। নতুন হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫২টি এবং আইজেনকোটের জোট ৪৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ একই চ্যানেলের আগের বুথফেরত জরিপে আইজেনকোটের জোটকে ৫২টি আসনে এগিয়ে দেখানো হয়েছিল।
নির্বাচনি লড়াইয়ের চিত্র আরও জটিল হয়ে উঠেছে অন্য দুটি জরিপের ফলাফলে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ এবং চ্যানেল ১৩-এর জরিপ বলছে, নেতানিয়াহু ও আইজেনকোট—উভয় জোটই সমান ৫১টি করে আসন পেতে পারে। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসনের প্রয়োজন। বর্তমানে কোনো জরিপেই কোনো জোটের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত মেলেনি, যা দেশটিতে নতুন সরকার গঠনের অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০।
রয়টার্স জানিয়েছে, বুথফেরত জরিপের হিসাব চূড়ান্ত ফলাফলের সাথে ভিন্ন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই চূড়ান্ত আসন সংখ্যা নিশ্চিত হতে আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই। আপাতত জনমত জরিপের এই অসামঞ্জস্যতা এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কঠিন সমীকরণ ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।