নাটোরে ছাত্রদল নেতা হত্যায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে মিন্টুকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক তাকে ধাওয়া করে। এক পর্যায়ে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধরে ফেলে তাকে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সন্ত্রাসী হামলায় শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, হামলার পরদিন ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা আট থেকে দশজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়।