পাটুরিয়া ফেরিঘাটের ড্রেনে মিলল পরিত্যক্ত শটগান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। গোপন সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শটগানটির বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্ক্ষলা বাহিনীর ব্যবহৃত এই ধরনের শটগান উদ্ধার নিয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। তবে এটি পুলিশের ব্যবহৃত অস্ত্র কি না, তা নিশ্চিত হতে কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কোনো থানা থেকে এটি লুট হয়ে থাকতে পারে।
ঘটনাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই অবিহিত করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।