এমপি সান্টুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উজিরপুর বিএনপির সংবাদ সম্মেলন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এবং উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন ও বিভিন্ন নামসর্বস্ব মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি। গত সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩০ অক্টোবর উজিরপুরের নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কনভেনারদের ভোটদান প্রক্রিয়া চলছিল। এ সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডের প্রার্থিতাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তিনি ও তার অনুসারীরা ভোটারদের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির দাবি, ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন না বা বিষয়টি দেখার সুযোগ পাননি। তারা স্পষ্ট করেছেন যে, পলাশ কুন্ড বিএনপির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। বরং গত ৫ আগস্টের পূর্বে নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তৃণমূল নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগপত্র ইতিমধ্যে দলীয় দপ্তরে জমা পড়েছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সংবাদ প্রকাশের আগে কোনো পর্যায়েই সংসদ সদস্য বা উপজেলা বিএনপির দায়িত্বশীল কারো মতামত নেওয়া হয়নি। প্রকৃত তথ্য যাচাই না করে একতরফা সংবাদ প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। বিশেষ করে কোনো রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন সংবাদের ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত জরুরি। এছাড়া সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পলাশ কুন্ড ও তার অনুসারীরা এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।
উপস্থিত নেতারা অবিলম্বে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যাখ্যা ও সংশোধনী প্রকাশের আহ্বান জানান। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রচারের অনুরোধ জানিয়ে তারা বলেন, ঘটনার প্রকৃত তথ্য অনুসন্ধান না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান।