নিষেধ অমান্য করে অশ্লীল নৃত্য, পঞ্চগড়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান (আকাশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ চিলাহাটি ইউনিয়ন শাখা গত বৃহস্পতিবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠান আয়োজনের আগেই সাংস্কৃতিক পর্বে কোনো ধরণের অশ্লীল পরিবেশনা না রাখার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন প্রতিমন্ত্রী। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ফলশ্রুতিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিনের নির্দেশে কমিটিটি বিলুপ্ত করা হয়।
এদিকে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানান, আগে থেকে সতর্ক করা সত্ত্বেও নির্দেশনা অমান্য করা হয়েছে। একইসঙ্গে এ জাতীয় নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হুঁশিয়ারিও দেন তিনি।