মাদারীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: স্বামী আটক

মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ার জেরে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইসা (২০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত সুজন মুন্সী রাজৈরের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবপ্রবাসী সুজনের সঙ্গে পারিবারিকভাবে মাইসার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে মাইসাকে একাধিকবার মারধর করার অভিযোগও রয়েছে স্বজনদের পক্ষ থেকে।
পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় মাইসাকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়। এরপর তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে গিয়ে স্বজনেরা মাইসার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ হাসপাতাল থেকে সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নিহতের স্বজনদের কান্নায় শোকের ছায়া নেমে আসে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীকে আটক রাখা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।