বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক


  প্রকাশিত হয়েছেঃ   ৫ নভেম্বর ২০২৬, ৭:৩০ পিএম

সরকারের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ (UDYOG)-এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার পর গত ৫ নভেম্বর একটি জরুরি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সতর্কবার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ‘উদ্যোগ’ নামে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ ধরনের ভুয়া পেজ বা অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও অর্থ লেনদেনের প্রস্তাব থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ঋণ পাইয়ে দেওয়ার নামে টাকা দেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইসিটি আইনসহ দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করেছে। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এই কর্মসূচির নীতিমালা জারি করে। এই পরিকল্পনার অংশ হিসেবেই কেন্দ্রীয় ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচিটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। উল্লেখ্য, ঋণ ও অনুদানের এই অর্থ একই সঙ্গে বিতরণ করা হয়। কর্মসূচিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমেই পরিচালিত হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে।

কর্মসূচিটির আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে আটটি জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ করা হয়েছিল। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬টি জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।