শেষ বলে হেরে হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের

হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন সাব্বির রহমানরা। জয়ের খুব কাছে পৌঁছেও শেষ মুহূর্তের নাটকীয়তায় মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। জয়ের সুবাস ছড়িয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় শূন্য হাতে ফিরতে হয়েছে সাব্বির রহমানদের।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটে ১২৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে বাংলাদেশ।
দলের হয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন হাবিবুর রহমান সোহান। এছাড়া মৃত্যুঞ্জয় ৬ বলে ২৬ এবং অধিনায়ক আবু হায়দার রনি ১০ বলে অপরাজিত ২৮ রান করেন। ব্ল্যাক সিম্পসনের এক ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় মিলে ৬টি ছক্কা হাঁকান, আর পরের ওভারে অধিনায়ক রনিও ছক্কা মারলে টানা ৭ বলে ৭ ছক্কার নজির দেখে ক্রিকেট বিশ্ব।
জবাবে ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়ারাও দারুণ প্রতিরোধ গড়ে। জরিচ ভন শালকউইক ২০ বলে ৩ চার ও ১০ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া আয়াবুলেলা গামানে ৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। শেষ বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৪ রান, যা ছক্কা হাঁকিয়ে পূরণ করেন শালকউইক।
ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল
- বাংলাদেশ: ১২৯/৪ (৬ ওভার) – হাবিবুর ৬০*, রনি ২৮*, মৃত্যুঞ্জয় ২৬; আয়াবুয়েলেলা ১/২৮।
- দক্ষিণ আফ্রিকা: ১৩২/৫ (৬ ওভার) – শালকউইক ৭৭*, গামানে ৩০; রিজওয়ান ২/২০ ও রনি ২/৪১।
- ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে জয়ী।
- ম্যাচসেরা: জরিচ ভন শালকউইক।