ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট উদ্বেগের জেরে বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এর দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৮ ডলারেও পৌঁছেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ১২ ডলারে লেনদেন হয়েছে।
অক্টোবর মাসে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম মোট ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারকে ঘিরে একের পর এক ঘটনায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, একদিনেই সুপারট্যাংকার ঘিরে চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।