এসআরবির নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেলেন ফারুক আহমেদ


  প্রকাশিত হয়েছেঃ   ৩ নভেম্বর ২০২৬, ৭:৩১ পিএম

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের এই গুরুত্বপূর্ণ রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা ফারুক আহমেদের নিজ বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে বগুড়ায় বাড়ি হওয়ার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চরম মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এর আগে ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) পদে যোগ দেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আদেশে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার বা ক্লোজড করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের নতুন পদোন্নতি প্রক্রিয়ায় ফারুক আহমেদ পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ দক্ষতার স্বাক্ষর রাখেন। ডিএমপি থেকে বদলি হয়ে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) যোগ দেন।

চলতি বছরের ৪ জুন অন্তর্বর্তীকালীন সরকার ফারক আহমেদসহ পুলিশের পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করে। পরে ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাঁদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) পদ থেকে সরিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়, যা থেকে পরবর্তীতে তাঁকে এসআরবির নতুন প্রধান করা হলো।