পাবনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪, নেপথ্যে বড় সিন্ডিকেট


  প্রকাশিত হয়েছেঃ   ২২ অক্টোবর ২০২৬, ৮:২৪ পিএম

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাবেচা ও সরবরাহের শক্তিশালী চক্রের সঙ্গে যুক্ত।

অভিযানের সূত্রপাত হয় বুধবার (২১ অক্টোবর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে প্রথম দফায় সন্দেহভাজনদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় ধারাবাহিক তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চরঘোষপুর এলাকার আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এলাকার জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর এলাকার বাবলু মণ্ডল (৩২)।

বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধৃত ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।