হাসিনা দেশে ফিরলে মানুষ বিচার দেখতে চায়

শনিবার দুপুর ১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই অমোঘ সত্য ইতিহাস পাল্টানো সম্ভব নয়। একই সঙ্গে তিনি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, মাঝেমাঝেই হুমকি দেওয়া হয় যে তিনি দেশে ফিরে আসবেন। আমরাও চাই তিনি ফিরে আসুন। দেশের মানুষ তার বিচার দেখার জন্য অপেক্ষা করছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান দেশে ফেরার দিন রাজধানীতে কোটি কোটি মানুষ যেভাবে সমবেত হয়েছিলেন, তার বিপরীতে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা ও সমর্থনের প্রকৃত পার্থক্য।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে আমরা বেহেশতের গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি না, তবে উন্নয়নের নিশ্চয়তা দিতে পারি। বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড পৌঁছে দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাবেশটির সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক। এতে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ দল ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।