সাজেকে গোলাগুলি: আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সংলগ্ন উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হলে সাজেক থেকে খাগড়াছড়িগামী পর্যটকবাহী সমস্ত যানবাহন পথেই আটকে যায়। পরবর্তীতে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি চলছিল। তিনি জানান, পুরো পরিস্থিতির খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
স্থানিয় সূত্রের তথ্যানুযায়ী, এলাকায় নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়। সকাল সাড়ে ৮টার দিকে সাজেক ছাড়ার পর পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজারে এসে প্রথম অবরোধের মুখে পড়ে। বেলা ১১টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তার ব্যারিকেড সরিয়ে গাড়িবহর খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়।
আন্দোলনকারী সংগঠন দুটির মূল অভিযোগ, সাজেকের বিভিন্ন স্থানে সশস্ত্র দলগুলোর ক্রমাগত হুমকি ও অপতৎপরতায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় বুধবার সন্ধ্যা ৭টা থেকেই সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশও দেয় প্রশাসন।