কাল প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। এর মাধ্যমে সারা দেশের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটরের মাধ্যমে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও তাৎক্ষণিক ফল জানা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়েছিল। এবারের পরীক্ষায় ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু পরীক্ষা স্থগিত থাকলেও পরবর্তীতে তা সম্পন্ন করা হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তিনি আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।