জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা কে এই তৈয়ব?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি নামিয়ে ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার নামে সাবেক এক ছাত্র।
আজ সোমবার দুপুরে সংগ্রহশালায় ঢুকে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন তৈয়ব।
জানা গেছে, আবু তৈয়ব ডাকসু নির্বাচনের বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী ছিলেন। তিনি পেয়েছিলেন ১০ ভোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র।
ওয়ান ইলেভেন সরকারের সময় আন্দোলনের দায়ে ২০০৯ সালে আওয়ামী লীগের প্রশাসন তাকে ঢাবি থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করলে প্রশাসন তা মঞ্জুর করে।
আজ জিন্নাহর ছবি ভাঙচুরের পর আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
প্রসঙ্গত, গতকাল রোববার ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কারকাজ শেষে পুনরায় উদ্বোধন করা হয়। সেখানে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার মুহাম্মদ আলী জিন্নাহর একক ছবি প্রদর্শন করা হয়। এ ছাড়া ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি-সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও সেখানে টাঙানো হয়।