শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর


  প্রকাশিত হয়েছেঃ   ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৪১ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে, যেখানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। নিজ দলের সমর্থকদের সামনে দেওয়া ভাষণে নেতানিয়াহু জানান, নির্বাচনে ডানপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি দেশে একটি শক্তিশালী ও জাতীয়তাবাদী সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

নেতানিয়াহুর দাবি, লিকুদ পার্টি ইসরাইলের বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং ইহুদি জনগণের মধ্যে ডানপন্থি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি আরব দলগুলোর কড়া সমালোচনা করে বলেন, যারা ইসরাইলের অস্তিত্বে বিশ্বাস করে না এবং ইসরাইলি সেনাদের যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে, তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করা নিষিদ্ধ হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, এমন জোট দেশের জন্য চরম ঝুঁকির কারণ হতে পারে। ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠদের ঐক্যই দেশটির ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করবে বলে তিনি উল্লেখ করেন।

ভাষণে তিনি সাম্প্রতিক সামরিক সাফল্যগুলোর ফিরিস্তি তুলে ধরে বলেন, সাহসিকতার সঙ্গে ইসরাইল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে। দেইফ, হানিয়া, সিনওয়ার, নাসরুল্লাহ এবং খামেনিকে হত্যার ঘটনা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা বলয় গড়ে তুলে দেশটিকে ধ্বংসের বিপদ থেকে রক্ষা করা হয়েছে। তবে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বহাল থাকা পর্যন্ত তারা ইসরাইল ধ্বংসের চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ইরানের হুমকি চিরতরে দূর করার এটিই ঐতিহাসিক সুযোগ বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি তার পরিবার, ভোটার ও সেনাদের প্রতি ধন্যবাদ জানান।