আজই ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সামরিক অভিযান শুরু করতে পারে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন।
ইরানে নতুন করে হামলার বিষয়ে প্রস্তুতি কতটা এগিয়েছে—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ওয়াশিংটন এ বিষয়ে ভাবছে এবং রোববারই বড় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব। তবে হামলার পরিকল্পনা আগেভাগে প্রকাশ করা হবে কি না—তা নিয়ে রহস্য বজায় রেখেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই ওয়াশিংটনের মূল লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যে অভিযান চালানো হয়েছিল, সেটিকে তিনি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট মনে করেন না। ট্রাম্প বলেন, সমস্যাটির স্থায়ী সমাধান প্রয়োজন এবং সেই লক্ষ্যেই তিনি পরবর্তী পদক্ষেপগুলো নিচ্ছেন।
সরাসরি চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানিয়ে ট্রাম্প সামরিক ও কূটনৈতিক—উভয় পথই খোলা রাখার বার্তা দিয়েছেন। তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী হয়তো সামরিকভাবে বিষয়টি শেষ করতে হবে, নয়তো তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হতে পারে। তবে যে পথই বেছে নেওয়া হোক, চূড়ান্ত বিজয় যুক্তরাষ্ট্রেরই হবে বলে তিনি আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চললেও সংকটের কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।