ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত দ্রুতই সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে বলে পুনরায় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তবে সংঘাতটি কীভাবে অথবা ঠিক কত দ্রুত শেষ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, এই যুদ্ধ দ্রুত গুটিয়ে আনার পাশাপাশি ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এই বিষয়ে তার প্রশাসনের শতভাগ নিশ্চয়তা প্রয়োজন।
এদিকে তেহরান ইস্যুতে মার্কিন প্রশাসনের কৌশল নিয়ে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন একই সঙ্গে দুটি বিপরীতমুখী পথ পর্যালোচনা করছে। একটি পরিকল্পনায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ে ইরানে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি শান্তি কাঠামোর আওতায় তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার পথ খুঁজতে চেষ্টা করছেন।