বরিশালে ঘাস কেটে পরিচ্ছন্নতা অভিযানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার ‘সেলফি রোড’-এ একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার স্বয়ং অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কর্মকর্তাদের নিজ হাতে ঘাস কাটা ও ময়লা পরিষ্কার করতে দেখা যায়।
অভিযানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পাশাপাশি বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি শ্রম দেন। তাদের সঙ্গে ‘বিডি ক্লিন’ সংগঠনের সদস্য, স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। অংশগ্রহণকারীরা সম্মিলিত প্রচেষ্টায় সড়কের পাশের বড় ঘাস, ঝোপঝাড় এবং যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় পরিচ্ছন্নতা অভিযানকে কেবল একদিনের আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে একে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব আমাদের সবার এবং যুবসমাজকে এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীকে সুন্দর ও বাসযোগ্য রাখার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মামুন খন্দকার জনসচেতনতার ওপর জোর দিয়ে বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানান। জেলা প্রশাসক আশা প্রকাশ করেন যে, জাতীয় যুব দিবসের এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ আরও সুসংহত হবে।