ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই সহোদরার মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার তালদীঘি এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো স্থানীয় পশ্চিম তালদীঘি গ্রামের মোখলেছুর রহমানের দুই মেয়ে আরবিয়া (৮) ও রাবেয়া (৬)। তারা তালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরা নিহত হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় আরবিয়া ও রাবেয়ার মা ফাতেমা আক্তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শিশুরা তার সাথে যেতে চাইলে তিনি তাদের বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথেই ময়মনসিংহের দিক থেকে আসা দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানিয়েছেন, ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।