রূপনগর থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ, পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন

রাজধানীর মিরপুরের রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আহসান মাসুদের বিরুদ্ধে অবৈধভাবে টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের ডেকে নিয়ে থানার ভেতরে চাপ সৃষ্টি, অর্থ আদায় এবং হুমকি দেওয়ার মতো অভিযোগে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা দাবি করছেন।
ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম (প্রোপ্রাইটর, জি রেস কর্পোরেশন) লিখিত অভিযোগে জানান, তার সঙ্গে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে থানার এক এসআইয়ের প্ররোচনায় ওসি মনজুরুল আহসান মাসুদ তাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যান। থানায় নিয়ে গিয়ে তাকে ৩০ হাজার টাকা দিতে চাপ দেওয়া হয়। ভয়ে তিনি পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ১০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে আবার তাকে থানায় ডেকে নিয়ে ওসি ও এসআই সাইদ হোসেন মিলে তিন দিনের মধ্যে ৮ লাখ টাকা দিতে নির্দেশ দেন এবং টাকা না দিলে মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর থেকে তিনি ব্যবসা বন্ধ রেখে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান।
স্থানীয়রা বলছেন, রূপনগর থানায় সাধারণ মানুষকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবি করা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, থানায় গেলে নিরাপত্তার বদলে হয়রানির আশঙ্কা থাকে।
এদিকে, ওসি মনজুরুল আহসান মাসুদের বিরুদ্ধে অতীতেও বিতর্কিত অভিযোগের কথা সামাজিক মাধ্যমে ঘুরছে। খুলনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় পিবিআইয়ের এক পরিদর্শক মনজুর হাসান মাসুদ কারাগারে পাঠানো হয়েছিল—এই ঘটনার সঙ্গে বর্তমান রূপনগর থানার ওসির নাম নিয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক আরও বেড়েছে।
রূপনগর এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলছেন—কোনো নারী বা সাধারণ নাগরিক থানায় অভিযোগ জানাতে গেলে তারা আদৌ নিরাপদ থাকবেন কিনা?
এ বিষয়ে রূপনগর থানার ওসি মনজুরুল আহসান মাসুদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চলবে…
নিজেকে বডি বিল্ডার মাসুদ ও একজন কর্নেলের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া এবং কিভাবে মানুষকে মিথ্যে অভিযোগে ফাঁসাবে তার কয়েকটি ভিডিও ফুটেজ অপরাধ কণ্ঠের প্রতিনিধির কাছে এসেছে, রূপনগর থানায় চাঁদাবাজি, ভয়ভীতি ও জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ নিয়ে আমাদের পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।