ইসরাইলের বেপরোয়া আচরণের পেছনে ট্রাম্প-রুবিওর নীরবতা: সিনেটর হোলেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তার কাজে নিয়োজিত মার্কিন নাগরিকদের আটকের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তিনি একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরবতার সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের শীর্ষ পর্যায় থেকে কোনো প্রতিবাদ না আসায় ইসরাইল দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এবং একের পর এক কর্মকাণ্ড চালিয়ে পার পেয়ে যাচ্ছে।
ঘটনাটি ঘটে যখন স্থানীয় ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে সহায়তা করতে ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে একদল আমেরিকান সেখানে উপস্থিত হন। ওই দলে ডেমোক্র্যাট দলের হয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রতিনিধি পরিষদের প্রার্থী ব্র্যাড ল্যান্ডারও ছিলেন। ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর ব্র্যাড ল্যান্ডারকে ছেড়ে দিলেও, তার সঙ্গে থাকা অন্যান্য মার্কিন আন্দোলনকারী ও ধর্মযাজকদের এখনো বন্দি করে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে সিনেটর ভ্যান হোলেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজনকে মুক্তি দেওয়াই যথেষ্ট নয়, বরং বাকিদেরও দ্রুত ছেড়ে দিতে হবে। তিনি ক্ষোভের সাথে যোগ করেন, ইসরাইল যদি আমেরিকানদের সাথেই এমন আচরণ করার সাহস পায়, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কী ধরনের নির্যাতনের মাত্রা বজায় রেখেছে তা সহজেই অনুমেয়।