গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সুখবর নিয়ে এসেছে নীলগাইয়ের নতুন শাবক। পার্কের কোর সাফারি এলাকায় বিচরণরত নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম হয়েছে। শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পার্ক কর্তৃপক্ষ পুরো বিষয়টি এতদিন গোপনীয়তার সাথে পর্যবেক্ষণ করছিল। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানিয়েছেন, মাস দেড়েক আগে নিয়মিত পর্যবেক্ষণের সময় হরিণ সাফারিতে নীলগাইয়ের সাথে শাবকগুলোকে প্রথম দেখতে পান কর্মকর্তারা। এরপর থেকেই শাবক ও মা নীলগাইয়ের বিশেষ সুরক্ষা নিশ্চিত করতে আলাদাভাবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স প্রায় দেড় মাস হলেও নিরাপত্তার স্বার্থে কাছে গিয়ে তাদের লিঙ্গ নির্ধারণ করার ঝুঁকি নেয়নি কর্তৃপক্ষ।
পার্ক সূত্রে জানা গেছে, দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে উদ্ধার করা নীলগাইগুলোর বংশবৃদ্ধিতে পার্কের পরিবেশ বেশ সহায়ক হয়েছে। এর আগে পার্কে মোট ১১টি নীলগাই ছিল, যার মধ্যে দুটি স্থানান্তর করে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীলগাই ছিল, তবে নতুন ৪টি শাবক যোগ হওয়ায় এই সংখ্যা বেড়ে এখন ১৩টিতে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, নতুন শাবকগুলো পুরোটা সময় মায়ের কাছাকাছি থেকে বনজুড়ে বিচরণ করছে। মানুষের উপস্থিতি বুঝতে পারলেই মা নীলগাই অত্যন্ত সতর্ক হয়ে শাবকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে। বনের ভেতরে গাছের ছায়ায় বিশ্রামরত অবস্থায়ও মা নীলগাই তীক্ষ্ণ দৃষ্টিতে শাবকদের আগলে রাখছে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।