যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট


  প্রকাশিত হয়েছেঃ   ২৯ অক্টোবর ২০২৬, ৬:৩৬ পিএম

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা নির্ধারিত সময়ে বিমানে উঠলেও যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বাতিল করতে হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমানটি এখনও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বোর্ডিং সম্পন্ন হওয়ার পর বিমানটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট। নিরাপত্তার খাতিরে জরুরি সিদ্ধান্ত হিসেবে পাইলট উড্ডয়ন বাতিল করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করেন এবং বিমানটিকে আবার পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল বিমানটি দ্রুত উড্ডয়নযোগ্য করতে মেরামত চালিয়ে যাচ্ছে।

প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই ত্রুটি সারিয়ে বিমানটিকে পুনরায় যাত্রার উপযোগী করতে দুই থেকে তিন ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে। তবে পুরোপুরি কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, তাই নিরাপদ উড্ডয়নের জন্য এর সঠিক কার্যকারিতা নিশ্চিত হওয়া জরুরি।