শেখ হাসিনার বিদায়ের আগেই কি চূড়ান্ত ছিল মুহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ?


  প্রকাশিত হয়েছেঃ   ২৯ অক্টোবর ২০২৬, ৮:২৯ পিএম

জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের পতন ও ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার বিষয়টি কি আগে থেকেই পরিকল্পিত ছিল? ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বারবার এমন অভিযোগ করে এসেছেন। সম্প্রতি এই অভিযোগের সপক্ষে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, তীব্র আন্দোলনের মুখে হাসিনার ক্ষমতা ছাড়ার আগেই ড. ইউনূসের দায়িত্ব নেওয়ার বিষয়টি অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিশেষ করে আন্দোলনকারী ছাত্রদল এবং ড. ইউনূসের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়টি ছিল অত্যন্ত গোপনীয় ও পরিকল্পিত।

বর্তমান সরকারের প্রেস সচিব শফিকুল আলম বুধবার এক ফেসবুক পোস্টে এই সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করেছেন। তার ভাষ্যমতে, ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলন যখন তুঙ্গে ছিল, তখন আন্দোলনকারীদের একজন “সেতু-নির্মাতা”র প্রয়োজন হয়েছিল। সেই সংকটময় মুহূর্তে এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দীন শিশির অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজটি নিজ কাঁধে তুলে নেন। শফিকুল আলম উল্লেখ করেন যে, তিনি ও শিশির একই ব্যুরোতে সহকর্মী ছিলেন এবং তার ডেস্কের পাশেই বসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শিশির এই সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন করেছিলেন।

শফিকুল আলমের তথ্য অনুযায়ী, ছাত্রনেতাদের পক্ষে প্রথমবার যোগাযোগ তৈরি এবং উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা এগিয়ে নেয়ার মূল কাজটি শিশির একাই করেছিলেন। এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি সেই সময় হাতেগোনা মাত্র কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিই জানতেন। মূলত, জুলাই-আগস্টের শিক্ষার্থীদের কোটা-বিরোধী আন্দোলন যে পরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বড় ধরনের গণ-অভ্যুত্থানে রূপ নেয়, তার নেপথ্যে এই ধরনের সুসংগঠিত যোগাযোগের প্রমাণ নতুন করে জল্পনা তৈরি করেছে। এসব ঘটনাপ্রবাহ দেখে অনেকেরই মনে হচ্ছে, সরকারের পতন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল দীর্ঘমেয়াদী শাসনব্যবস্থা পরিবর্তনের একটি পরিকল্পিত অভিযান।