মাগুরার মধুমতী নদী থেকে অজ্ঞাত তরুণীর দেহ উদ্ধার শুরু

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কাশিপুর এলাকায় মধুমতী নদী থেকে আনুমানিক ২০ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা সকালে নদীর তীরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, নিহত তরুণীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
ঘটনাটি সম্পর্কে মহম্মদপুর থানার ওসি এম শামিম আহমেদ জানান, সকাল সাড়ে দশটার দিকে খবর পাওয়ার পর পরই বিষয়টি কন্ট্রোল রুমের মাধ্যমে নৌ পুলিশ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবগত করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে থানা পুলিশ সর্বাত্মক সহায়তা করছে। ইতোমধ্যেই নৌ পুলিশ ও পিবিআই-এর যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও পরবর্তী তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া ও তদন্তের স্বার্থে থানা পুলিশ তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে।